ক্রিকেটার নাঈমের ঘটনায় যা বলল বিসিবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান নিজ শহর চট্টগ্রামে হেনস্তার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুন) রাতে নগরের লালখান বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ডিবি পরিচয়ে নাঈমকে মারধর করা হয়। এক পর্যায়ে গলা টিপে ধরা হয় এই ক্রিকেটারের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেটাঙ্গন ছাপিয়ে গোটা দেশেই।

স্পিনার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় নিবিড়ভাবে অগ্রগতি পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

আজ সকালে দেওয়া এক বিবৃতিতে বিসিবি বলছে, ‘নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের দাবি বোর্ডের। শুক্রবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

বিসিবি যোগ করে, ‘একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘চোরাচালান সংক্রান্ত একটি কার্যক্রমের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযানে অংশ নেওয়া কিছু কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেননি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এই ঘটনায় তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *