সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (৮৩) শরীরের বিভিন্ন অংশে প্রস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কাজনক তথ্য জানান।
গত বছরের মে মাসে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার মাত্র চার মাস পর প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন বাইডেন। সে সময় ক্যান্সারটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু হয়।
তবে চিকিৎসা সত্ত্বেও ক্যান্সার ছড়িয়ে পড়ছে বলে জানান হান্টার বাইডেন। তিনি বলেন, ক্যান্সার আরও ছড়িয়ে পড়ছে, এটি হাড় ছাড়াও শরীরের অন্যান্য অংশে বিস্তৃত হয়েছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাকে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে। বাবার এই শারীরিক অবস্থা দেখে আবেগপ্লুত হান্টার যোগ করেন, এটি দেখা সত্যিই খুব কঠিন এবং বেদনার।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন ৮১ বছর বয়সে ২০২৪ সালের নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয় এবং নিজ দলের চাপে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। পরে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেন ট্রাম্প।