কোস্ট গার্ডের অভিযানে বিপুল ভারতীয় পোশাক জব্দ

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান পরিচালনা ভারতীয় পোশাক জব্দ করা হয়।

আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, জব্দ করা ভারতীয় এসব পোশাকের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর থেকে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস থ্রি-পিস ও ৫০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা এসব পণ্য অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। তবে অভিযানের সময় চোরাকারবারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পণ্য ও ফিশিং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *