কোচ নিয়োগে অনিশ্চয়তা, আজও হচ্ছে না নাম ঘোষণা 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের নাম আজ ঘোষণা হওয়ার কথা ছিল। সেই দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও কোচের নাম কিংবা চুক্তিস্বাক্ষর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। তারা আরও সময় নিচ্ছে। 

জানা গেছে, কোচ নিয়োগে প্রায় ৩৬ হাজার ডলার ব্যয় প্রয়োজন, যা নিয়ে এখনও অর্থায়নে অনিশ্চয়তা রয়েছে।

ক্রিস কোলম্যানের সহকারী কোচ কিট সিমন্সের জন্যই মাসিক ব্যয় হতে পারে প্রায় ৩১ হাজার ডলার। এর সঙ্গে কর বাবদ আরও প্রায় ৫ হাজার ডলার যুক্ত হবে।

এত বড় অঙ্কের অর্থ বহন করার সক্ষমতা বাফুফের একার নেই বলে জানা গেছে। ফলে সরকারের সহযোগিতার বিষয়টি সামনে এলেও এত বেশি ভর্তুকি দিতে অনাগ্রহ রয়েছে সংশ্লিষ্টদের। এ পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজতে আলোচনা চলছে।

আজ শুক্রবার (১৫ মে) গুলিস্তানে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ উদ্বোধন অনুষ্ঠানে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী দুই বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে ম্যাচগুলো রয়েছে, সেগুলো বিচার-বিশ্লেষণ করেই পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে ফুটবলকে ঘিরে দেশের মানুষের যে উন্মাদনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, সেই প্রত্যাশা পূরণে তিনি, সরকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সবাই বদ্ধপরিকর।

তিনি আরও জানান, ইনশাআল্লাহ আগামী দুই-তিন দিনের মধ্যেই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

বাফুফে দুই বছরের জন্য জাতীয় দলের কোচ নিয়োগ দিতে চায়। তবে আগামী দুই বছরে এখন পর্যন্ত বাংলাদেশের কোনও নির্দিষ্ট প্রতিযোগিতামূলক সূচি নেই।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তিনি যখন নিজে মাঠে খেলতেন, তখনও একটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হতো—কোনও কোচ এলেই তাকে নির্দিষ্ট সময় দিতে হবে। সেই সময় না পেলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন, তাকেও যথেষ্ট সময় দিতে হবে। সময় না দিলে ভালো ফল আশা করা যায় না। দেশের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই সব পক্ষ মিলে আলোচনা চলছে বলেও জানান তিনি।

কোচ চূড়ান্ত করা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে সর্বোচ্চ আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।’’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *