কেবিসি সঞ্চালনা করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন অমিতাভ বচ্চন

প্রশ্নের উত্তর দিয়ে কোটি রুপি জেতার সুযোগ—‘কৌন বনেগা ক্রোড়পতি’তে (কেবিসি) প্রতিযোগীদের জন্য মুহূর্তগুলো যেমন উত্তেজনার, তেমনি সঞ্চালক অমিতাভ বচ্চনের জন্য সব সময় আনন্দের নয়। বরং প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের কিছু গল্প তাকে মানসিকভাবে এতটাই নাড়া দেয় যে, অনুষ্ঠানটি সঞ্চালনা করাই কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন এই বলিউড তারকা।

সম্প্রতি নিজের ব্লগে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন। তিনি জানান, কেবিসির মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় অনেকের জীবনের কঠিন ও হৃদয়বিদারক গল্প সামনে আসে। সেসব শুনে নিজের আবেগ সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

কুইজের প্রশ্নোত্তরের পাশাপাশি কেবিসিতে প্রতিযোগীদের জীবনের গল্প শোনার বিষয়টিও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অমিতাভও তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তবে এই ঘনিষ্ঠ যোগাযোগের কারণে কখনো কখনো প্রতিযোগীদের কষ্টের গল্প তার ওপর গভীর প্রভাব ফেলে।

ব্লগে অমিতাভ লিখেছেন, কিছু প্রতিযোগী এমন গুরুতর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠানে আসেন, যেগুলো শুনে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। তবে অনুষ্ঠান ও চ্যানেলের প্রতি তার পেশাগত প্রতিশ্রুতির কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

অমিতাভ আরও লেখেন, এটি তার জন্য সত্যিই হৃদয়বিদারক একটি অভিজ্ঞতা ছিল। এমনকি ওই মুহূর্তে তার অবসর নেওয়ার ইচ্ছাও হয়েছে বলে জানান তিনি। লেখার শেষে রাতের প্রসঙ্গ টেনে নিজের ক্লান্তির কথাও ইঙ্গিত করেছেন এই অভিনেতা।

এদিকে গত ১০ আগস্ট সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম আসর। এবারের মৌসুমের মূল বার্তা ‘সোচনা পড়েগা’—অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।

কেবিসির নতুন মৌসুমেও নিয়মিত সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *