কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা দেন এবং সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।