ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া সাফল্যের পাশাপাশি জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতের কিছু সিদ্ধান্ত ও ভুল নিয়ে আক্ষেপের কথা জানান তিনি। এরপর থেকেই তাঁর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন শাকিব। একপর্যায়ে তাঁকে জীবনে কোনো ভুল করেছেন কি না জানতে চাওয়া হয়। জবাবে অভিনেতা জানান, জীবনে অনেক ভুল করেছেন তিনি। পেছনে ফিরে তাকালে কখনো কখনো মনে হয়, কিছু সিদ্ধান্ত না নিলেই হয়তো ভালো হতো।
শাকিবের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোন ভুলের কথা বলছেন তিনি? সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে বিষয়টি ব্যাখ্যা করছেন। তবে শাকিব নিজে তাঁদের উদ্দেশ করে কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেননি।
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন উঠলে শাকিব বলেন, অপু ও বুবলী দুজনই তাঁর জীবনের একটি অংশ। তবে তাঁদের নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখতে পছন্দ করেন বলেও জানান অভিনেতা।
জীবনের অতীত বদলে ফেলার সুযোগ থাকলে কী করতেন—এমন প্রসঙ্গেও নিজের অবস্থান জানান শাকিব। তাঁর মতে, মানুষের জীবনে ভুল থাকবেই। অনেক কিছু চাইলেও সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তাই অতীতের ঘটনাগুলো মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত খবর নিয়েও বিরক্তি প্রকাশ করেন শাকিব। তাঁর দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তাঁকে ঘিরে নানা খবর ছড়িয়ে পড়ে। এমন কিছু ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তাঁর কোনো সম্পর্ক নেই।
এসব কারণেই বর্তমানে তিনি অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান ঢালিউডের এই তারকা।
এসএন/পিডিকে