সরায়েলি সামরিক বাহিনীর কাছে মার্কিন বুলডোজার ও বোমা বিক্রির প্রক্রিয়া আটকে দিতে যুক্তরাষ্ট্রের সিনেটে তোলা দুটি প্রস্তাব শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটরদের একটি রেকর্ড সংখ্যক অংশ এবার ইসরায়েলে অস্ত্র বিক্রির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের কাছে ২৯৫ মিলিয়ন ডলার সমমূল্যের ‘ক্যাটারপিলার’ বুলডোজার বিক্রি বন্ধের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ভোটাভুটিতে সিনেটের ৪৭ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ৪০ জনই এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে রিপাবলিকান সিনেটরদের সর্বসম্মত বিরোধিতার কারণে প্রস্তাবটি ৫৯-৪০ ভোটে পরাজিত হয়।
একই দিনে ইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের ১০০০ পাউন্ড ওজনের (৪৫০ কেজি) বোমা বিক্রি বন্ধের দ্বিতীয় একটি প্রস্তাব তোলা হয়। এই প্রস্তাবটি আরও কম সমর্থন পায়। মাত্র ৩৬টি ভোট পাওয়ায় এটিও বাতিল হয়ে যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রস্তাবগুলো পাস না হলেও ডেমোক্র্যাট দলের ভেতর ইসরায়েল নীতি নিয়ে বড় ধরনের পরিবর্তন স্পষ্ট হয়েছে। গাজা ও লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের ফলে বেসামরিক প্রাণহানি এবং অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে মার্কিন আইনপ্রণেতাদের একটি বড় অংশ এখন সরাসরি সামরিক সহায়তার বিরোধিতা করছেন। বিশেষ করে বুলডোজার বিক্রির বিপক্ষে ৪০ জন সিনেটরের ভোট দেওয়াকে ওয়াশিংটনের রাজনীতিতে ইসরায়েলবিরোধী জনমতের শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সিনেটর বার্নি স্যান্ডার্স ভোটের পর এক বিবৃতিতে বলেন, মার্কিন করদাতাদের অর্থ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বেসামরিক জনগণের ঘরবাড়ি ধ্বংস করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আর অংশীদার হতে পারে না।
ইসরায়েল বুলডোজার মার্কিন সিনেটর
sk/sks