ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যে সংখ্যা প্রকাশ করেছে, বাস্তবে তার চেয়েও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। তবে পেন্টাগন প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনটি সরাসরি অস্বীকার করেছেন।

পাঁচ জন অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, এই যুদ্ধে অন্তত ২২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। পেন্টাগনের তৈরি করা প্রকাশ্য তথ্যভান্ডারে যে সংখ্যা উল্লেখ রয়েছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়ে অন্তত চার জন বেশি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, অপর এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, অপ্রকাশিত এই সবক’টি মৃত্যুর ঘটনা সরাসরি যুদ্ধক্ষেত্রের সংঘাতের সঙ্গে যুক্ত ছিল না। তবে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা এসব প্রাণহানির শিকার হয়েছেন।

তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে মিথ্যা বলে অভিহিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।

প্রতিবেদন প্রকাশের পর পেন্টাগনের কাছে নিহতের সংখ্যার এই অমিল সম্পর্কে জানতে চাওয়া হলেও সংস্থাটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

সূত্র: রয়টার্স

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *