ইরান যুদ্ধে জয়ী হয়েছি, জি-৭ জোটের সমর্থন অপ্রাসঙ্গিক : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে জি-৭ জোটের যেকোনো ধরনের সমর্থন অপ্রাসঙ্গিক। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছি।

আজ শুক্রবার (১২ জুন) ইতালির চ্যানেল লা৭ এ সম্প্রচারিত সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

লা৭-এর ওয়াশিংটন প্রতিনিধি ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, জি-৭ নেতাদের জন্য তার কোনো বার্তা আছে কি না? জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সমর্থনের প্রয়োজন হয়নি।

ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো সমর্থনের প্রয়োজন ছিল না, আমরা যুদ্ধে জিতেছি। এটা কিছুটা অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক! আমাকে যেতে হবে। আমি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আছি, কিন্তু আমরা ইরান যুদ্ধে জিতেছি। এজন্য আমাদের তাদের (জি-৭) সাহায্যের প্রয়োজন ছিল না।’

আগামী ১৫-১৭ জুন অনুষ্ঠিতব্য জি৭ শীর্ষ সম্মেলনের আগে এসব কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর যে আঞ্চলিক উত্তেজনা শুরু হয়, তা সামরিক সংঘাত, প্রতিশোধমূলক হামলা ও কূটনৈতিক বিরোধের এক চক্র উসকে দিয়েছে।

সম্প্রতি ইরান ও ইসরায়েল আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এবং পরে বন্ধ করেছে। তবে কূটনৈতিক প্রক্রিয়া চালু রেখে সংঘাত প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *