ইরান সংঘাত থেকে বেরিয়ে আসার একটি কার্যকর কৌশল খুঁজে বের করতে মার্কিন প্রেসিডেন্টের ওপর দেশীয় ও রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক যৌথ জনমত জরিপে দেখা গেছে, দেশটির সিংহভাগ নাগরিকই ইরানের সঙ্গে এই যুদ্ধকে অর্থহীন বলে মনে করছেন। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রে ইপসোস ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত সর্বশেষ জরিপ অনুযায়ী, মাত্র ২৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে প্রেসিডেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধটি যথাযথভাবে পরিচালনা করছেন অথবা তারা সামগ্রিকভাবে এই যুদ্ধকে সমর্থন করেন। এ ছাড়া যুদ্ধটি সার্থক ছিল বলে মনে করেন মাত্র ২৮ শতাংশ মানুষ।
এর বিপরীতে, জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিকই স্পষ্ট জানিয়েছেন যে- এই যুদ্ধ কোনোভাবেই সার্থক ছিল না।
যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রভাব যেমন সাধারণ মানুষের মনে দাগ কেটেছে, তেমনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ জন মার্কিন সেনার নিহত হওয়ার বিষয়টিও মার্কিন জনগণকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।
জনগণের এই বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন কীভাবে এই যুদ্ধ সমাধানের চেষ্টা করবে, তা নিয়ে এখন নানা মহলে বড় প্রশ্ন উঠছে। যদি উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতিই আবার সমাধানের মূল পথ হয়, তবে প্রায় ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে কার্যত ভেস্তে যাওয়া সমঝোতা স্মারকটি আবারও কার্যকর হবে কি না—তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে দুই দেশ নতুন কোনো যুদ্ধবিরতির দিকে যাচ্ছে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সংঘাতের অবস্থা নিয়ে এমন বহু প্রশ্ন ঝুলে থাকলেও, এই রক্তক্ষয়ী সংঘাত থেকে বেরিয়ে আসার একটি সম্মানজনক ও নিরাপদ কৌশল খুঁজে বের করার জন্য মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ এখন সময়ের চেয়েও তীব্র।