ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরি ভার্গো ট্রান্সপোর্ট ৮ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। ফেরিটিতে মোট ২৪৩ জন আরোহী ছিলেন। খবর বিবিসির। 

উদ্ধারকারী দল জানিয়েছে, এখনও নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান চলছে।

ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন শহরের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।

নিখোঁজ ফেরিটির সন্ধানে ঘটনাস্থলে একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ এবং একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। জাভা সাগরের ওই এলাকার অন্যান্য নৌযানকেও সতর্ক করা হয়েছে। তাদের আশপাশে কোনো যাত্রী বা ফেরির ধ্বংসাবশেষ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের জন্য ফেরি ও অন্যান্য নৌযান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটিতে নৌযান দুর্ঘটনার ঘটনাও তুলনামূলকভাবে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *