ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক

মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের অভিযোগে আটজন বাংলাদেশিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রভাবশালী দৈনিক ‘দ্য জাকার্তা পোস্টের’ বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রিয়াউ প্রদেশের ডুমাই জেলা উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ১৬ জনের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকি আটজন ইন্দোনেশিয়ার স্থানীয় বাসিন্দা।

ডুমাই নৌঘাঁটির অধিনায়ক কর্নেল আগুং এন কুসুমাঝি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় জানা যায় মালয়েশিয়া থেকে একটি গ্রুপ অবৈধভাবে ডুমাই উপকূলে প্রবেশের চেষ্টা করছে। তথ্যের সত্যতা যাচাই করে ডুমাই নৌঘাঁটির গোয়েন্দা প্রধান ওয়াহইউ বিদিদি বিদায়াতের নেতৃত্বে নৌবাহিনীর কুইক রেসপন্স টিম ও আঞ্চলিক মেরিন ইন্টেলিজেন্স ইউনিট পুরো পূর্ণমা বিচ ও উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ায়।

পরবর্তীতে দুটি ইঞ্জিনচালিত একটি দ্রুতগামী স্পিডবোটে করে অবৈধভাবে পূর্ণমা সৈকতে নামার সময় নৌবাহিনীর যৌথ দল তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সমুদ্রসীমা পার করে তাদের ইন্দোনেশিয়ায় আনার পেছনে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *