আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা দেশটির সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন। আজ শুক্রবার (২৬ জুন) তার শিমুলিয়া ঘাট সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রিয় দলের রাষ্ট্রদূতকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে শত শত আর্জেন্টিনার সমর্থক। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ​তাদেরই একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিন (৪০)।

তুহিন নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে বিশেষভাবে উপস্থিত হন। তার এ ব্যতিক্রমী সাজ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

​শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলা শেষে তিনি একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।

​এদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছবি তোলার জন্য সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দীর্ঘ সময় ধরে চলে ফটোসেশন। অনেকে আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উপস্থিত হন এবং প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে এই আয়োজন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে কাছে পেয়ে আনন্দিত সমর্থকরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোশারফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অপু চাকলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *