‘আর্জেন্টিনার লক্ষ্য সবসময় চ্যাম্পিয়ন হওয়া’

ইউরোপীয় ক্লাব ফুটবলের দীর্ঘ ও ব্যস্ত মৌসুম শেষ করে এবার বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছেন বিশ্বসেরা ফুটবলাররা। মহোৎসবের এই মঞ্চে একেক দলের লক্ষ্য একেক রকম—কেউ চান অধরা শিরোপার প্রথম স্বাদ পেতে, আবার কেউ চান অতীতের সাফল্যকে ছাড়িয়ে যেতে।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এবারের চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন। শিরোপা ধরে রাখার এই মিশন নিয়ে অবশ্য বেশ আত্মবিশ্বাসী দলের তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলগত পরিকল্পনার পাশাপাশি নিজের ব্যক্তিগত প্রস্তুতিও গুছিয়ে নিচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। বিশ্ব ফুটবলের সংস্থা ফিফাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আলভারেজ জানিয়েছেন, বিশ্বমঞ্চে আর্জেন্টিনার লক্ষ্য সবসময় একটাই থাকে।

বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে অ্যাটলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপকে ঘিরে রোমাঞ্চ আমাদের সবসময়ই থাকে এবং আমরা প্রতিবারই চ্যাম্পিয়ন হতে মাঠে নামি। এবারও এর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। আমাদের মূল লক্ষ্য ফাইনালে ওঠা।’

তবে কাজটা যে মোটেও সহজ হবে না সেটিও জানেন আলভারেজ। তিনি বলেন, ‘আমরা জানি কাজটা মোটেও সহজ হবে না। এর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ এই পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুব সামান্য ব্যবধানেও ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। তবে আমরা নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’

বর্তমান বিশ্বসেরা দল হিসেবে মাঠে নামার অনুভূতি প্রকাশ করে এই আলবিসেলেস্তে তারকা বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে খেলতে যাওয়াটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। এই জার্সির জন্য আমি অনেক গর্বিত। অবশ্যই আমরা এবারও ট্রফি ধরে রাখতে চাই এবং দেশের মানুষকে আবারও আনন্দের জোয়ারে ভাসাতে চাই।’

কাতার বিশ্বকাপের পর টানা দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছে আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপে ট্রফি ধরে রাখতে পারলে আকাশী-নীল জার্সিধারীরা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে অমর হয়ে থাকবে বলে বিশ্বাস করেন আলভারেজ।

সেই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি এবারও বিশ্বকাপ ট্রফিটা ধরে রাখতে পারি, তবে এই দল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে জায়গা করে নেবে। কারণ আমরা যেমন টানা দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হবো, তেমনি একই সঙ্গে টানা দুইবার কোপা আমেরিকা জয়ের এক অনন্য কীর্তিও আমাদের নামের পাশে থাকবে।’

দেশের ফুটবলের বর্তমান সময়টাকে স্বপ্নের মতো উল্লেখ করে আলভারেজ বলেন, ‘গত কয়েকটা বছর ধরে আমাদের দেশের ফুটবলে একটা সোনালী যুগ চলছে। আশা করি, সামনে আমরা আরও এমন অবিশ্বাস্য মুহূর্তের স্বাদ পাব, যা কোটি সমর্থককে আনন্দ দেবে।’

আগামী ১১ জুন মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপ। আসরে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আলিবিসেলেস্তেরা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো ইউরোপের দেশ অস্ট্রিয়া এবং এশিয়ার জর্ডান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *