আমরা একবারই এসেছি এখানে : ধরা পড়ার পর গাজী নজরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এতে দেখা যায়, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম তরুণীকে নিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ার পর হাত জোর করে বলেছেন, ‘আমরা একবারই এসেছি এখানে।’

আজ মঙ্গলবার (২১ জুলাই) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম ও ওই তরুণীকে প্রশ্ন করছেন, আপনার নাম কী? ওই তরুণী প্রথমে বেশ কয়েকবার জবাব দেননি। পরবর্তীতে প্রশ্নকর্তা তাকে থানায় নেওয়ার কথা বললে, তিনি নিজের নাম বলেন—মাহিয়া।

এরপর প্রশ্নকর্তা জামায়াতনেতা গাজী নজরুল ইসলামকে প্রশ্ন করেন, মুরুব্বি আপনি অরে কয়দিন নিয়ে আসছেন এখানে? জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, আজকে…আজকেই প্রথম। জামায়াতের এ নেতাকে প্রশ্ন করা হয়, আপনি এই রুম ভাড়া করেছেন কার থেকে? জবাবে তিনি বলেন, আমি জানি না। ওর পরিচিত ভাই-ড্রাইভারের মাধ্যমে।

এ সময় অন্যায় হয়েছে স্বীকার করে জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম হাত জোর করে বলেন, আজকে আমাদের ছেড়ে দেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নেতার আরেকটি ভিডিও ভাইরাল হয়। জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন। পরে ওই তরুণীর বাবা এস এম মাসুম বিল্লাহ তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই তরুণীর প্রকৃত নাম মরিয়ম আক্তার বলেও নিশ্চিত করেন তিনি।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় ধরা পড়া তরুণীর বাবা এস এম মাসুম বিল্লাহ বলেন, এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও ও ছবি ইতোমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্তা করা ছাড়া আর কিছুই না।

এস এম মাসুম বিল্লাহ বলেন, গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তিনি (এমপি গাজী নজরুল ইসলাম) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানে তার প্রথম স্ত্রীসহ সবাই উপস্থিত ছিলেন।

এর আগে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম এক ভিডিও বার্তায় বলেন, আমার স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে কুৎসা রটানো হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কুৎসা রটানো থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *