জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৯ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এই হামলার জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে। তার ভাষায়, আমরা তাদের ওপর শক্ত আঘাত হানব। এর কঠিন মূল্য তাদের দিতে হবে।ট্রাম্প দাবি করেন, রাতের হামলায় ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। হামলার আগে মার্কিন সেনারা খুব অল্প সময়ের সতর্কবার্তা পেলেও সব ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে, তা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।
ট্রাম্প ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যান্সার আখ্যা দিয়ে বলেন, এসব গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এরপরই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এসএন/পিডিকে