আইসিএসবির প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহজাহান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) গত মঙ্গলবার অনুষ্ঠিত ১২৩তম কাউন্সিল সভায় ২০২৫-২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের (৪ আগস্ট ২০২৬ থেকে ৯ অক্টোবর ২০২৮) জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে মোহাম্মদ শাহজাহান বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, রংপুরের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস-ডিসিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের ২ জুলাই সরকারি চাকরিতে যোগদান করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্ব ব্যাংক ও ইফাদ অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ প্রজেক্টে পাঁচ বছর কনসালট্যান্ট (ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন।

মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইডিডি) থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সির (সিআইপিএফএ) সদস্য, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল কনসালট্যান্টসের (আইএফসি) সদস্য। বর্তমানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *