আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন মুস্তাফা মনোয়ারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।

মেরী মনোয়ার বলেন, ‘তার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা দেখে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই শিল্পী। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। টেলিভিশনে শিশু-কিশোরদের জন্য অসংখ্য অনুষ্ঠান নির্মাণ করেছেন। বাংলাদেশে পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন মুস্তাফা মনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *