রাজধানীর ভাটারায় অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্তকর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুত আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসএম) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে আসামির পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন এবং বিচারক আগামী ১৮ আগস্ট জামিন শুনানির দিন নির্ধারণ করেন।
এজাহার থেকে জানা গেছে, গত ১৫ আগস্ট রাজধানীর ভাটারা থেকে একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মডেল লিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থেকে মিডিয়ায় কাজ করতেন। লিনার সঙ্গে হাসিবুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের শুরু থেকেই হাসিবুর তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার দিন অর্থাৎ ১৪ আগস্ট রাতে লিনা তার বাসায় বান্ধবী ইশান ও জান্নাতের সঙ্গে ছিলেন। রাত ১১টার দিকে লিনা ও হাসিবুরের মধ্যে মোবাইল ফোনে বাগবিতণ্ডা শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর অনুমান ৫টা ৩০ মিনিটে আসামি হাসিবুর লিনার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে হাসিবুর জানান, লিনা তার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়েছে। পরে সবাই ঘরে ঢুকে লিনাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলার পরে গত ১৫ আগস্ট রাতে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।