রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে রাজমিস্ত্রির কড়াইয়ে অভিনব কায়দায় পাঁচ হাজার পিস ইয়াবা পরিবহণের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন আজ শুক্রবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. তাহমিনা আক্তার মিনা (৩২), মো. হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) ও মো. সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)।
ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১২টার দিকে সূত্রাপুর এলাকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহণে ব্যবহৃত পাঁচটি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তাকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছে এবং গ্রেপ্তার এড়াতে ঘন ঘন বাসা পরিবর্তন করে। প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে তারা ইয়াবা বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তাতারকৃদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।