অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী ও সংগীতা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৭টি মামলায় ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এ জরিমানা করেন। আদায়কৃত জরিমানার পুরো অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকার বকেয়া বিল আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় তিতাস গ্যাসের একটি দল এবং ১০ সদস্যের পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *