অবৈধ ঋণ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান

সাম্প্রতিক সময়ে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান হরেক রকমের অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ শর্তে ও দ্রুত ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এতে জনগণের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারসহ নানা হয়রানির ঘটনা ঘটছে। এতে তাদের আর্থিক নিরাপত্তাসহ ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকিতে পড়ছে। সেই কারণেই অনুমোদনবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচালিত অবৈধ ঋণ কার্যক্রম থেকে সতর্ক ও ঋণ গ্রহণ হতে বিরত থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের সাঈদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিকগ্রুপ এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে সহজ শর্তে ও দ্রুত ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম পরিচালনা করছে মর্মে বিএফআইইউর দৃষ্টিগোচর হয়েছে।

মূলত অনুমোদনবিহীন এই ডিজিটাল ঋণ প্রদানকারী অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইলফোনে সংরক্ষিত যোগাযোগের তথ্য, ছবি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে ঋণ আদায়ের নামে ঋণগ্রহীতাদের ওপর অযাচিত চাপ প্রয়োগ, ভীতি প্রদর্শন, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনুমোদনবিহীন অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ আদায় এবং ঋণ আদায়ের নামে হয়রানির ঘটনা সংঘটিত হচ্ছে, যা সাধারণ জনগণের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।

জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও প্রচলিত আইন, বিধিবিধান এবং নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল মাধ্যমে ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করা বৈধ নয় এবং মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে ঋণ প্রদানের জন্য অনুমতি প্রদান করা হয়নি।

এ ধরনের অনুমোদনবিহীন ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকা, লেনদেনের স্বচ্ছতা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না থাকায় এসব কার্যক্রম সাধারণ জনগণের জন্য আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে। একইসাথে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(৫) ধারা মোতাবেক প্রতারণামূলকভাবে ঋণ কার্যক্রমের মাধ্যমে অর্থ আত্মসাৎ মানিলন্ডারিংয়ের একটি সম্পৃক্ত অপরাধ এবং একই আইনের ৪নং ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

তাই মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল মাধ্যমে ঋণ গ্রহণের ক্ষেত্রে সবাইকে নিম্নোক্ত বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো- কোনো মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকুন। এ যাবৎ নিম্নবর্ণিত ৩১টি মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দৃষ্টিগোচর হয়েছে। অনুমোদনবিহীন প্ল্যাটফর্ম হতে ঋণ নিয়ে প্রতারিত হবেন না; প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ মানিলন্ডারিংয়ের একটি সম্পৃক্ত অপরাধ এবং একই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় এ ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হওয়া থেকে বিরত থাকুন; ঋণের প্রলোভনে কোনো অপরিচিত অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ফোনের সংবেদনশীল তথ্য প্রদান করবেন না; ঋণ প্রদানের নামে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি, প্রসেসিং ফি বা অন্য কোনো অর্থ দাবি করা হলে সতর্ক থাকুন।

এ ধরনের অনুমোদনবিহীন প্ল্যাটফর্ম হতে ঋণ নিয়ে প্রতারিত হলে বা এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য থাকলে তা বিএফআইইউর ওয়েবসাইটে অভিযোগ করুন বা নিম্নোক্ত ঠিকানায় তথ্য প্রদান করুন। ঠিকানা হলো- পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ১১তলা অ্যানেক্স বিল্ডিং–২, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা–১০০০

অননুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশনগুলো হলো- সাথী লোন, পয়সাল, ফিনপাল, কুইক লোন, কুইক ক্যাশ, ঢাকা পিন, লোনবাইফ, দোস্ত লোন, ক্যাশ ক্যাশ লোন, কেওয়াইও লোন, এসএসএইচ মানি, লোনবানি, সাথে লোন, ক্যাশহারা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি ক্যাশ, ধৈর্য লোন, পিন পে ডু, ক্যাশ ক্যাশ লোন, বঙ্গ ক্যাশ, আলা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও ক্যাশনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *