৭১৪ কোটি টাকা ব্যয়ে ২টি গ্যাস-কূপ খনন অনুমোদনের পথে

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দুটি গ্যাস-কূপ (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খননের উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এই দুটি কূপ খননে খরচ হবে ৭১৩ কোটি ৬৫ লাখ টাকা।

আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে চীনের চায়না হুয়াডিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি) নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভা কমিটির সভায় এই দুটি কূপ খননের ব্যয়ের অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসনকল্পে অগভীর কূপের পাশাপাশি গভীর শিলাস্তরে অবস্থিত হাইড্রোকার্বন আধারগুলো চিহ্নিত করা এবং আবিষ্কার করা একান্ত জরুরি। বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে আবিষ্কৃত ও উৎপাদনরত হাইড্রোকার্বন আধারগলো অগভীর স্তরে সীমাবদ্ধ।

সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আওতায় গভীর স্তরে হাইড্রোকার্বন আধারগুলো আবিষ্কারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে গঠিত কমিটির মতামতের ভিত্তিতে গভীর শিলাস্তরে নতুন হাইড্রোকার্বন আধারগুলো চিহ্নিত করা ও উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য বাপেক্স ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প গ্রহণ করেছে।

গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল ইউনিয়নে ৬ হাজার মিটার গভীরতায় অনুসন্ধান কূপ, পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত মোবারকপুর ৬ হাজার মিটার গভীরতায় অনুসন্ধান কূপ এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের দক্ষিণাংশে ৪ হাজার মিটার গভীরতার অনুসন্ধান কূপ খনন ও উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি নিয়ে কাজ চলমান রয়েছে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন শেষে প্রায় ১ হাজার ১৮ বিসিএফ (প্রাথমিক গ্যাস রিজার্ভ বা গ্যাস ইনিশিয়ালি ইন-প্লেস ১ হাজার ৬৯৬ বিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাস রিজার্ভ আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। 

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *