নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বাজারে ডিবি ও চৌমুহনি পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন স্টার হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারের তিনটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় সাত নারী ও সাত পুরুষকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা তরুণ-তরুণীরা হলেন শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), মো. রিপন (২৩), আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯), শারমিন আক্তার (২৫), আকরাম হোসেন (২৯), ইয়াছিন (৩০), তাসমিন আক্তার (২১), শাহনাজ বেগম (৩৬), হাফেজা বেগম (২৩), বিউটি আক্তার (২৫), ময়না বেগম (২৫)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের এই অভিযান। গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এসব হোটেলে দিন-রাতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে হুমকি-ধমকি দিয়ে থাকে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসনের এমন অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি, ভবিষ্যতেও এই ধরনের অভিযান যেন অব্যাহত থাকে।