বরগুনার পাথরঘাটায় ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়। উদ্ধার করা তেলের পরিমাণ ৩৬ হাজার ৭২০ লিটার বলে জানানো হয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা ভোজ্যতেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় ক্রেতারা র্যাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে তাদের অভিমত।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির উদ্দেশে এই তেল মজুত রাখা হয়েছিল। ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।