২১ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২১ দিনে দেশে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে মোট ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (২ দশমিক ০৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে প্রবাসী আয় আসতে থাকায় ২১ দিনে তা ২০৯ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ৯০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তারা আশা করছেন, বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে চলতি জুলাই মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *