১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ

উড়োজাহাজের কার্গো হোল্ডে ধোঁয়া দেখতে পাওয়ার পর আজ সোমবার (২৭ জুলাই) ভারতের মুম্বাই থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট গুজরাটের রাজকোটে জরুরি অবতরণ করেছে। সূত্রের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ইন্ডিগোর ৬ই ১৪৫২ ফ্লাইটটিতে ১৯৪ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের পর তারা সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে যান।

উড়োজাহাজের কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত করার পর পাইলটরা রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে পরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরাহ বলেন, কার্গো হোল্ডে ধোঁয়া দেখা যাওয়ায় দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী নিরাপদ আছেন।

ইন্ডিগো ৮০টিরও বেশি অভ্যন্তরীণ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এটি এয়ারবাস এ৩২০ ও এ৩২১ সিরিজের উড়োজাহাজ এবং এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ প্লেন পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *