১০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়ালেন অর্জুন?

মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই ছবিতে অর্জুনের পাশে থাকা তরুণীকে নিয়ে এখন নেটদুনিয়ায় কৌতূহলের শেষ নেই। সবার মনে একটাই প্রশ্ন, কে এই সাহিবা বালি, যাঁর সঙ্গে অর্জুন কাপুরের এই নতুন রসায়ন নিয়ে এত চর্চা?

গ্ল্যামার ওয়ার্ল্ডের চকমকে আলোর আড়ালে থাকা সাহিবার পর্দার পেছনের গল্পটি কিন্তু বেশ চমকপ্রদ।

সম্প্রতি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছেন সাহিবা বালি। তাঁদের দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয়েছে প্রেমের নতুন জল্পনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে এই সাহিবা বালি, যাঁর সঙ্গে অর্জুনকে দেখা গেল?

১৯৯৪ সালের ৫ই ডিসেম্বর এক কাশ্মীরি পরিবারে জন্ম নেওয়া সাহিবার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিনেমা জগতের নয়। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান এবং সেখানে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর  বা বিপণন ক্ষেত্রে নিজের কর্পোরেট ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি তিনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতেন এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ফিল্টার কপি’-র সাথেও কাজ করেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ৮ লক্ষ ৬৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।

মার্কেটিং-এ কাজ করার সময়ই সাহিবার লাইফ চেঞ্জিং মোমেন্ট আসে একটি ফোন কলের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও দেখে সরাসরি ফোন করেন বলিউডের নামী নির্মাতা ইমতিয়াজ আলী। তিনি সাহিবাকে ‘লায়লা মজনু’ সিনেমার প্রধান চরিত্রের অডিশনের প্রস্তাব দেন। যদিও অডিশনে মূল চরিত্রটি পান তৃপ্তি দিমরি, তবে দমে যাননি সাহিবা। তিনি ছবিটিতে মজনু চরিত্রে অভিনয় করা অবিনাশ তিওয়ারির বোনের ভূমিকায় অভিনয় করে বলিউডে পা রাখেন।

প্রথম ছবিতে পার্শ্ব চরিত্রের পর সাহিবা বেশ কয়েকটি চলচ্চিত্র ও ওটিটি সিরিজে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘বার্ড অফ ব্লাড’-এ অভিনয় করেন। এছাড়া, ইমতিয়াজ আলীরই নেটফ্লিক্স ফিল্ম ‘অমর সিং চমকিলা’-তে তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা গেছে। পাশাপাশি তিনি ‘তানব’ নামের একটি শো-তেও যুক্ত ছিলেন।

অন্যদিকে, সাহিবার সাথে নাম জড়ানো অর্জুন কাপুর বলিউডের অন্যতম সুপরিচিত ও প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের সন্তান। ১৯৮৫ সালের ২৬শে জুন জন্ম নেওয়া অর্জুন হলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং মোনা শৌরি কাপুরের পুত্র। চলচ্চিত্রে অভিনয়ের আগে অর্জুন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ২০১২ সালে ‘ইশাকজাদে’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে তাঁর বলিউডে অভিষেক হয়। এরপর ‘টু স্টেটস’, ‘গুন্ডে’ এবং ‘কি অ্যান্ড কা’-র মতো বেশ কিছু সিনেমা উপহার দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেন।

অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবনের কথা উঠলেই স্বাভাবিকভাবেই চলে আসে বলিউড ড্যান্স ডিভা মালাইকা অরোরার নাম। দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাঁরা বি-টাউনের অন্যতম চর্চিত ও জনপ্রিয় কাপল ছিলেন। ২০১৮ সালে তাঁদের ডেটিংয়ের গুঞ্জন শুরু হওয়ার পর ২০১৯ সালে অর্জুনের জন্মদিনে ছবি পোস্ট করে তাঁরা সম্পর্কের আনুষ্ঠানিক সিলমোহর দেন। বয়সের ব্যবধান ও ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ভ্যাকেশনে ও অনুষ্ঠানে তাঁদের রসায়ন ভক্তদের দারুণ পছন্দ ছিল। তবে বিগত বেশ কিছু মাস ধরে তাঁদের ব্রেকআপের খবর বলিপাড়ার বাতাসে ভাসছে এবং সাম্প্রতিক সময়ে তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি।

মালাইকা অরোরার সাথে সম্পর্কের এই টানাপোড়েন বা দূরত্বের মাঝেই লর্ডসের মাঠে সাহিবা বালির সাথে অর্জুনের এই নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কর্পোরেট সেক্টর থেকে এসে ওটিটি দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া সাহিবা এখন অর্জুন কাপুরের সাথে ভাইরাল ছবির কল্যাণে বিনোদন দুনিয়ার নতুন টক অব দ্য টাউন। এখন দেখার বিষয়, লর্ডসের এই ছবি কেবলই বন্ধুত্বের আড্ডা নাকি মালাইকা-অধ্যায় শেষে অর্জুনের জীবনে নতুন কোনো প্রেমের বসন্তের ইঙ্গিত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *