হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল খোলুদের বিপক্ষে আল নাসরের ৫-৩ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ এই মহাতারকা। তিন গোলের এই পারফরম্যান্সে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন তিনি। বর্তমানে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল আউয়াল পার্কে সৌদি প্রো লিগের ১২তম রাউন্ডের ম্যাচটি ছিল সর্বকালের সেরা খেলোয়াড়ের ব্যালন ডি’অর (ব্যালন ডি’অর অব অল টাইম) পুরস্কার জয়ের পর রোনালদোর প্রথম ম্যাচ।

ম্যাচের ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পর একই সতীর্থের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৮১ মিনিটে সাদিও মানের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

এই হ্যাটট্রিকের পর সৌদি প্রো লিগের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা সাত। গোলদাতাদের তালিকায় মাতেও রেতেগুই ও ইউসুফ এন-নেসিরির সঙ্গে যৌথভাবে রয়েছেন তিনি। তাদের চেয়ে এক গোল বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিজ্জানি রেইন্ডার্স, যার গোল আটটি। আর ১২ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।

তবে ম্যাচসংখ্যার হিসাবে রোনালদো টনির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন। রোনালদোর ১০ ম্যাচের বিপরীতে টনি খেলেছেন নয়টি ম্যাচ।

এর আগে ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে ম্যাচে রোনালদোর করা একটি গোলও যদি তার নামে যোগ করা হয়, তাহলে চলতি মৌসুমে গোলসংখ্যা হবে আট। সে ক্ষেত্রে রেইন্ডার্সের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবেন তিনি। অন্যদিকে, টনির গোলসংখ্যা দাঁড়াবে ১৩-তে। অর্থাৎ গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে থাকা টনির সঙ্গে ব্যবধান তখনো পাঁচ গোলই থাকবে।

যে গোলগুলো রোনালদোর নামে রাখেনি লিগ কর্তৃপক্ষ

গোলসংখ্যা নিয়ে বিতর্কের কারণ সৌদি প্রো লিগের আনুষ্ঠানিক হিসাব। ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেডে গোল করেছিলেন রোনালদো। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, বলটি আল নাসরের ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে জড়াতে পারে। পরে লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর নামে না দিয়ে আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত করে।

ইভান টনির ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। আল খালিজের বিপক্ষে আল আহলির ৪-১ গোলের জয়ের ম্যাচে হেড থেকে গোল করেছিলেন তিনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের পর্যালোচনার পর গোলটি প্রথমে তার নামে নিশ্চিত করা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে পুনর্নির্ধারণ করা হয়।

সৌদি প্রো লিগের আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং ট্রান্সফারমার্কটের মতো পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে এখনো ওই দুটি গোল রোনালদো ও টনির নামে যোগ করা হয়নি। তবে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোসহ কয়েকজন সাংবাদিক গোল দুটি তাদের হিসাবের মধ্যে রেখেছেন। তাদের হিসাবে, আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিকের পর রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৫।

তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে পরিবর্তন না আসা পর্যন্ত গোল্ডেন বুটের দৌড় এবং ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলকের দিকে রোনালদোর অগ্রযাত্রা— দুই ক্ষেত্রেই গোলের হিসাব নিয়ে বিতর্ক চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *