দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ক্রীড়া পুরস্কারে এবার একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। ২০২৫ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আয়োজিত এই অনুষ্ঠানে একাই তিনটি বড় পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন দেশের ফুটবলের পোস্টার বয়।
আজ শুক্রবার (২২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আপাতত দেশে নেই হামজা। ইংল্যান্ডে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি।
হামজার হয়ে ২০২৫ সালের ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’-এর প্রধান পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। সে সময় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সবাইকে ধন্যবাদ জানান হামজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রীতিমতো রাজত্ব করেছেন হামজা। ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি তারকা আমিরুল ইসলামকে পেছনে ফেলে তিনি জিতে নিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ খেতাব ‘স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ক্রীড়াবিদ।
একই সঙ্গে সাধারণ ক্রীড়ামোদিদের সর্বোচ্চ ভোটে হামজা জিতেছেন ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’। দেশের ফুটবলে হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে আগমণ হয়েছে তার। ২০২৫ সালে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। অবদানের জন্য জিতেছেন ‘বর্ষসেরা ফুটবলার’-এর পুরস্কারও।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় উচ্ছ্বসিত হামজা বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড আমাদের দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরস্কার। পুরো বছর জুড়ে আমাকে ও বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং সব সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে সফলভাবে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এই পুরস্কার নিতে আসতাম, আর আজ ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে হাজির হয়েছি। আমার মনে হয়, এই ধারাবাহিকতা আমাদের ক্রীড়াঙ্গনের অনেক বড় একটি অর্জন।’
সভাপতির বক্তব্যে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমাদের ক্রীড়া সাংবাদিকতা বিশ্বমানের। তবে এর মান আরও বাড়াতে বিএসপিএ একটি ‘স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট’ তৈরি করতে চায়। এজন্য আমরা সবাইকে পাশে চাই।’
এবারের আসরে ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে।
একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা
বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার) : হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন)।
বর্ষসেরা ফুটবলার : হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা (যৌথভাবে)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড : হামজা চৌধুরী।
বর্ষসেরা ক্রিকেটার : রিশাদ হোসেন।
বর্ষসেরা হকি খেলোয়াড় : আমিরুল ইসলাম।
বর্ষসেরা আর্চার : আব্দুর রহমান আলিফ।
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় : খই খই সাই মারমা।
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : আল আমিন জুমার।
উদীয়মান ক্রীড়াবিদ : রিপন মন্ডল (ক্রিকেট)।
বর্ষসেরা কোচ : পিটার বাটলার (নারী ফুটবল)।
বর্ষসেরা আম্পায়ার/রেফারি : সেলিম লাকী (হকি)।
বর্ষসেরা সংগঠক : কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব : আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
বিশেষ সম্মাননা : শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।
সেরা পৃষ্ঠপোষক (স্পন্সর) : প্রাইম ব্যাংক পিএলসি।
সক্রিয় ফেডারেশন : বাংলাদেশ কাবাডি ফেডারেশন।