অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন আশরাফুলের

ঘরের মাঠে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ক’দিন আগেই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আপাতত জাতীয় দলের আর ব্যস্ততা নেই। তাই ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। 

তবে এই স্বস্তির বিরতি খুব একটা দীর্ঘ হচ্ছে না। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হতেই আবারও মাঠে নামতে হবে শান্ত-তাসকিনদের। সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। এই সফরে দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আসন্ন এই সিরিজ নিয়ে আজ শুক্রবার (২২ মে) গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। অজিদের বিপক্ষে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন তিনি।

আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে ওদের হারিয়েছিলাম, এরপর ওয়ানডেতে আর কখনোই জেতা হয়নি। যদিও আমরা ওদের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। অল্প কিছু ম্যাচ খেললেও জয় আর আসেনি। আমি যখন অধিনায়ক ছিলাম, তখন একবার জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম।’

২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর অবিস্মরণীয় স্মৃতি এখনো দেশের ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। এর তিন বছর পর ২০০৮ সালে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ।

সেই ম্যাচের স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম, তখন ওদের মাত্র ১৯৮ রানে অলআউট করে দিয়েছিলাম। সেই ম্যাচে তামিম ইকবাল দুর্দান্ত এক হাফসেঞ্চুরি করেছিল, সাকিবও ভালো খেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। ওই একটা ম্যাচেই আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিল।’

সর্বশেষ ২০২১ সালের আগস্টে মিরপুরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। দীর্ঘ ৫ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠের এই সুবিধা হাতছাড়া করতে চান না আশরাফুল।

বাংলাদেশ সফরে আসার আগে অবশ্য এশিয়ার কন্ডিশনে নিজেদের প্রস্তুত করেই আসবে অস্ট্রেলিয়া। কারণ বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অসিরা।

সেটি উল্লেখ করে আশরাফুল বলেন, ‘এবারও আমাদের অবশ্যই জয়ের আশা থাকবে, কারণ খেলাটা হবে আমাদের ঘরের মাঠে। তবে ওরা বাংলাদেশে আসার আগে পাকিস্তানে ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নিয়েই আসবে।’

আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজগুলোতে বাংলাদেশ দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট সাবেক এই তারকা ব্যাটার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন তিনি।

আশরাফুল বলেন, ‘আমরা গত তিনটি সিরিজে যেভাবে ক্রিকেট খেলেছি, তাতে আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিনটি বিভাগেই ভালো করে, তবে ম্যাচ ধরে ধরে পরিকল্পনা সাজিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জেতা সম্ভব, ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *