কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দিচ্ছে ইরান। সম্প্রতি প্রণালির কেশম দ্বীপের বাসিন্দারা সমুদ্র অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি ওমর হাওয়াশ জানান, ইরানের বেশ কিছু অনানুষ্ঠানিক বার্তা সংস্থা জল্পনা ছড়াচ্ছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলগত ওই অঞ্চলে আবারও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। সম্প্রতি সমুদ্রসীমায় বিধিনিষেধ লঙ্ঘনকারী বাণিজ্যিক জাহাজ আটক ও মার্কিন ড্রোন লক্ষ্য করে সামরিক ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘন ঘন ঘটছে।
বিশ্লেষকরা বলছেন, ড্রোন কিংবা জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর এই তৎপরতা মূলত হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নজরদারি ও একক সামরিক কর্তৃত্ব প্রমাণের একটি ধারাবাহিক প্রয়াস।
ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী সার্বক্ষণিকভাবে সামরিক উপায়ে পুরো হরমুজ প্রণালী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধানের এক উপদেষ্টা বলেন, সাবেক ও চলমান সংঘাতের সময় ইরান তাদের অনেক উন্নত যুদ্ধাস্ত্র এবং আধুনিক সামরিক সরঞ্জাম এখনো ব্যবহারই করেনি। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো নতুন সামরিক আগ্রাসন বা উত্তেজনা তৈরি হলে তার কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান।