হঠাৎ দুঃখপ্রকাশ স্কালোনির, কিন্তু কেন?

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর ক্ষত এখনও শুকায়নি আর্জেন্টিনার। সেই আক্ষেপ নিয়েই এবার সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা কোচ লিওনেল স্কালোনি। জন্মশহর পুহাতো থেকে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, খেলোয়াড় এবং দলের সঙ্গে কাজ করা সবাইকে। একই সঙ্গে স্বীকার করেছেন, আরেকটি বিশ্বকাপ ট্রফি এনে দিতে না পারার কষ্টের কথা।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটা কাপ আনতে পারিনি। দুঃখ আর আনন্দ একসঙ্গে মিশেছে। মিশেছে চোখের জল, হাসি, যন্ত্রণা আর প্রশান্তি।’

স্কালোনি বিশেষভাবে প্রশংসা করেন তার খেলোয়াড়দের। জানান, স্ত্রীকে তিনি প্রায়ই দলের ফুটবলারদের যোদ্ধা বলে উল্লেখ করেন। তার মতে, শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে দলের লড়াই, আত্মত্যাগ ও মানসিক দৃঢ়তা তাকে গর্বিত করেছে।

এদিকে আবারও আলোচনায় এসেছে স্কালোনির ভবিষ্যৎ। আর্জেন্টিনা দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এখনও তিনি দায়িত্বে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। যদিও বছরের শুরুতে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, চুক্তির মেয়াদ শেষে সরে দাঁড়াতে পারেন।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপজয়ী এই কোচকে ধরে রাখতে বদ্ধপরিকর। দেশটির গণমাধ্যমের খবর, ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এএফএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *