স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই, থানায় অভিযোগ সাংবাদিকের

গোপালগঞ্জ শহরের মার্কাজ মহল্লা এলাকায় এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপুর স্ত্রী হাফিজা খানমের গলা থেকে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান টিপু বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মার্কাজ মহল্লায় নিজ বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন হাফিজা খানম। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তার গলায় থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন টান মেরে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খোয়া যাওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দিনদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক আজিজুর রহমান টিপু।

ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান শুরু হয়েছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *