সিলেটে এনসিপির পদযাত্রা, বিজিবি মোতায়েনের অনুরোধ

সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পদযাত্রা ও পথসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। এছাড়া শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে দলটি।

হবিগঞ্জ ও মৌলভীবাজারে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এনসিপির কর্মসূচিকে ঘিরে সিলেটের ৬ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে পদযাত্রায় হামলা ও গতকাল বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারে বাধার ঘটনায় এই কর্মসূচি নিয়ে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে। তিনি জানান, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ছয়টি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

গোলাপগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগর, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *