হ্যামস্ট্রিং চোটের শঙ্কা কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। এতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেড়েছে।
গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বদলি হয়ে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। এরপর থেকেই নকআউট পর্বে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
তবে মঙ্গলবার সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। যুক্তরাষ্ট্রের স্পোকেন শহরে অনুশীলনরত মিসর দলের সঙ্গে হাসিমুখে মাঠে দেখা গেছে দেশটির সবচেয়ে বড় তারকাকে। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের ফেসবুক পেজে সালাহর অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘রাজা ফিরে এসেছেন।’
সালাহর ফেরা মিসর জন্য বড় স্বস্তির খবর। এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে পাঁচ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে তারা।
এসএন/পিডিকে