এমবাপে-দেশমের যে আলিঙ্গনে লুকিয়ে এক ব্যক্তিগত গল্প

বিশ্বকাপে গোলের পর উদযাপনের দৃশ্য নতুন কিছু নয়। কেউ নাচেন, কেউ দর্শকদের দিকে ছুটে যান, কেউ আবার সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন। কিন্তু কিলিয়ান এমবাপে সুইডেনের বিপক্ষে গোল করার পর যা করলেন মানবিকতার এক নিঃশব্দ প্রকাশ!

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি করার পর এমবাপে সরাসরি ছুটে যান ফ্রান্সের ডাগআউটের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা প্রধান কোচ দিদিয়ে দেশমকে জড়িয়ে ধরেন তিনি। মুহূর্তটি আবেগাপ্লুত করে তোলে সতীর্থ, দর্শক এবং পুরো ফুটবল বিশ্বকে।

এই আলিঙ্গনের পেছনে ছিল গভীর এক ব্যক্তিগত গল্প। কয়েকদিন আগেই নিজের মাকে হারিয়েছেন দেশম। শেষকৃত্যে অংশ নিতে বিশ্বকাপ চলাকালেই সাময়িকভাবে দলের বাইরে যেতে হয়েছিল তাকে। তার অনুপস্থিতিতে নরওয়ের বিপক্ষে জয়ের পর পুরো ফরাসি দল সেই জয় উৎসর্গ করেছিল কোচকে।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোচের প্রতি সমর্থনের বার্তা দিয়েছিলেন এমবাপে। এবার মাঠেই সেই অনুভূতির বাস্তব রূপ দেখা গেল। গোল করার আনন্দের আগে তিনি বেছে নিলেন শোকাহত মানুষটির পাশে দাঁড়াতে।

এমবাপে ও দেশমের সম্পর্কও অনেক দিনের। ২০১৭ সালে জাতীয় দলে এমবাপে অভিষেকের পর থেকেই দেশম ছিলেন তার সবচেয়ে বড় সমর্থকদের একজন। কঠিন সময় হোক কিংবা সাফল্যের মুহূর্ত-সব সময়ই তরুণ এই ফরোয়ার্ডের পাশে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে এমবাপ্পেও বারবার মাঠের পারফরম্যান্স দিয়ে সেই আস্থার প্রতিদান দিয়েছেন।

১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর পর ২০১৮ সালে কোচ হিসেবেও শিরোপা এনে দিয়েছিলেন দেশম। এবার বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। তাই শেষ অভিযানে তার দলও যেন খেলছে বাড়তি অনুপ্রেরণায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *