সামানজারের মুকুট জয়

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে সেরা নির্বাচিত হয়ে বিজয়ীর মুকুট জিতেছেন সামানজার সাঈদ।

শনিবার (১১ জুলাই ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে সামানজারের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। তিনি আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিউটি উইথ আ পারপাস’ মিস ওয়ার্ল্ডের মূল দর্শনকে সামনে রেখে আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।

সামানজার সাঈদ

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্বে আত্মবিশ্বাসী ও পরিপক্ব উত্তরের মাধ্যমে বিচারকদের মন জয় করেন সামানজার।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ফ্যাশন ও টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

ফলাফল ঘোষণার পর সামানজার সাঈদকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, যেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন সামানজার সাঈদ।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *