সাভারে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই মিছিল থেকে আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, বাসে করে আসা নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ও ক্যাপ মাথায় দিয়ে ২০ থেকে ২৫ জন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় ঝটিকা মিছিল বের করে। দ্রুত পালিয়ে যাবার পদ্ধতি হিসেবে বাসটিকে মিছিলের পেছনে রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে আটজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), মো. জিন্নাত (১৯), ইসমাইল হোসেন (২০), তামিম সিকদার (১৮) এবং সাকিন ইসলাম (১৮)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান বিকাশ নম্বরে অর্থায়ন করে মিছিলের আয়োজন করেন। গ্রেফতারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহিংস অপরাধ বা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ছাড়াও সন্ত্রাসবিরোধী আইনে এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।