দিনাজপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত মো. নাদিমের নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সাজাভোগের শেষদিনই তার মৃত্যু হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. নাদিম মারা যায়।
আগামীকাল তার মুক্তি পাওয়ার কথা ছিল। সদ্য মারা যাওয়া নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা পেয়ে গত ১৭ আগস্ট কারাগারে আসেন নাদিম। আজই তার সাজা শেষ। আগামীকাল বৃহস্পতিবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
ভারপ্রাপ্ত জেলার আরও বলেন, আজ সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।