সাঙ্গু নদীতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাঙ্গু নদীতে ডুবে আপন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভাইবোন হলো ওই এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে মাহিয়া আক্তার (৬) ও ছেলে মোহাম্মদ মাহিন (৫)।

স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে দুই ভাইবোন বাড়ির পাশের মধ্য আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রাও নদীতে নেমে দুই শিশুর সন্ধান শুরু করে। একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় মাহিয়া ও মাহিনকে উদ্ধার করা হয়। পরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আপন দুই ভাইবোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় সন্তান হারানোর শোকে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউছুফ  ও চরতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপন দুই ভাইবোনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, সাঙ্গুসহ দেশের সব নদীর তীরে বসবাসরত শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *