সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তিন দিনে এক হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

চাহিদার তুলনায় অর্থ কম তুলছেন জানিয়ে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য যতটা অধীর আগ্রহে ছিলেন, সেই তুলনায় তিন দিনে অর্থ উত্তোলনের পরিমাণ কমই। অবশ্য প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে ৭৭ কোটি টাকা বেশি তুলেছেন গ্রহকরা। আবার দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনে বেশি টাকা তোলা হয়েছে। তবে খুশির কথা হচ্ছে, অনেকেই টাকা জমা রাখছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, অনেক গ্রাহক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের আমানত চালু রাখছেন। টাকা নেওয়ার তিন দিনে ব্যাংকটির বিভিন্ন শাখায় যারা এসেছেন, অনেকেই টাকা তুলেছেন, কেউ কেউ আমানতের পুরো টাকা তুলেছেন। আবার কেউ কেউ টাকা তুলে পরে ফের ব্যাংকেই জমা রেখেছেন।

এদিকে গত ১ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা তোলার আবেদন প্রক্রিয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। টাকা দেওয়া শুরু করেছে গত ৭ সেপ্টেম্বর থেকে। অবশ্য এখনও আবেদন গ্রহণ চলমান রয়েছে।

অপরদিকে, গ্রাহকদের দীর্ঘ দিনের জমে থাকা আমানত ফেরত দেওয়াসহ ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকা বিশেষ ধার বা ঋণ দিয়েছে। একীভূত পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি। টাকা ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে তিন হাজার ৯২৫ কোটি টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এর পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *