সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চার দিনে তুলেছেন ১৪৩১ কোটি টাকা

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা গত চারদিনে (সোমবার থেকে বৃহস্পতিবার) এক হাজার ৪৩১ কোটি টাকা উত্তোলন করেছেন। এই চারদিনে ৩৬ হাজারের বেশি গ্রাহক টাকা তুলে নিয়েছেন। ব্যাংকটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আবেদনের তুলনায় অর্থ কম তুলছেন জানিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন, গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য যতটা অধীর আগ্রহে ছিলেন, সেই তুলনায় অর্থ উত্তোলন কমই হচ্ছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে ৭৭ কোটি টাকা বেশি তুলেছেন গ্রহকরা। দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনেও বেশি টাকা তুলেছেন। তবে তৃতীয় দিনের চেয়ে চতুর্থদিনে কিছুটা কম টাকা তুলেছেন গ্রাহকরা। 

খুশির কথা হচ্ছে, অনেকেই টাকা জমা রাখছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, টাকা নেওয়ার জন্য গত চার দিনে ব্যাংকটির বিভিন্ন শাখায় যারা এসেছেন, অনেকেই টাকা তুলেছেন, কেউ কেউ আমানতের পুরো টাকা তুলেছেন। কেউ কেউ টাকা তুলে পরে ফের ব্যাংকেই জমা রেখেছেন।

এদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা তোলার আবেদন প্রক্রিয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। টাকা দেওয়া শুরু করেছে গত ৭ সেপ্টেম্বর থেকে। অবশ্য এখনো আবেদন গ্রহণ চলমান রয়েছে।

অপরদিকে, গ্রাহকদের দীর্ঘ দিনের জমে থাকা আমানত ফেরত দেওয়াসহ ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকা বিশেষ ঋণ দিয়েছে। একীভূত পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি। টাকা ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে তিন হাজার ৯২৫ কোটি টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এর পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *