ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হবে ৫৮ জন শিল্পী ও কুশলীকে।
আজ শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হবে। সম্প্রতি রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
ডিএসসিসি প্রশাসকের নির্দেশনায় গঠিত উপ-কমিটি ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করে ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শনের জন্য নির্ধারণ করেছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার, সিনেমাটোগ্রাফারসহ বিশিষ্ট কুশলীকে সম্মাননা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উৎসবের প্রথম দিন আজ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় আবদুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’ প্রদর্শিত হবে। রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।
২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে। ২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে।
২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ প্রদর্শিত হবে। ২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ দেখানো হবে।
উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।
প্রসঙ্গত, ‘উৎসব, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বছর পূর্তি উপলক্ষ্যে ডিএসসিসি চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযানের মতো বিভিন্ন নাগরিক উদ্যোগ গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণ এবং ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে সংবাদমাধ্যমের সর্বাত্মক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেছে।