দীর্ঘ ২৩ বছর পরে অস্ট্রেলিয়া সফরে গিয়েই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। ডারউইনে দৃষ্টি নন্দন দাপুটে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে নতুন আরেকটি ইতিহাস গড়ার হাতছানি নাজমুল হোসেন শান্তর দলের সামনে। দ্বিতীয় জয় কিংবা ড্র করলেই প্রথম টেস্ট সিরিজ জয়ের কীর্তিও গড়বে টাইগাররা। সেই লক্ষ্যেই সকালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২২ আগস্ট) ভোর ৬টায় মধ্য কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে খেলাটি দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে। এছাড়াও আনঅফিসিয়াল প্ল্যাটফর্ম স্পোর্টজিফাই অ্যাপে দেখা যাবে।
এ নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশ। এর আগে ২০০৩ সালেও একবার তাসমান পাড়ে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচ সিরিজের দুটিতেই হেরেছিল ইনিংস ব্যবধানে।
সেই স্মৃতি ভুলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ডারউইনে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। সোয়া তিন দিনে ১১ ইনিংসের সবগুলোতেই ডমিনেট করেছে তানজিদ হাসান তামিম-হাসান মাহমুদরা। ফলাফল হিসেবে জয় পেয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
প্রথম টেস্টে বোলিংয়ে জাদু দেখিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। প্রথম ইনিংসে ফাইফারসহ মোট ৯ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। আর দ্বিতীয় ইনিংসে ফাইফার তুলে নিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন তামিম-শান্তরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তামিম। কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছিলেন শান্ত।
প্রথম ম্যাচে ইতিহাস গড়া জয়ের পর এখন আরেকটি ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলেই ১৩৯ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসাবে বাংলাদেশ।
ম্যাকেইয়ে বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এর আগে ১৩৯ বছর আগে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া।
তবে সেটি মোটেও সহজ কাজ হবে না টাইগারদের জন্য। অধিনায়ক শান্ত নিজেও মনে করছেন সেটি। তাই জয়ের আত্মতুষ্টিতে না ভুগে নতুন করে শুরু করার তাগিদ তার। শান্ত বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’
ডারউইনের মতো ম্যাকাইয়েও পাঁচদিনই ভালো খেলতে চান শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
পরিসংখ্যানে অবশ্য আধিপত্য অসিদেররই। এখন পর্যন্ত মোট সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার জয় ৫টি ম্যাচে। বিপরীতে, বাংলাদেশ জিতেছে দুইটি ম্যাচ।
তবে পরিসংখ্যানই যে সব নয়, বাংলাদেশ সেটি প্রমাণ করেছে প্রথম ম্যাচে। অসিদের চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও সেটিই করে দেখাতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।