ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বহাল রাখার জন্যে হলেও শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয়নেতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ।
জাতীয় সংসদের হুইপ বলেন, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে দেশটাকে যখন ধ্বংস করে দিয়েছিল, দেশের মানুষ সেই ফ্যাসিস্ট, দেশ ধ্বংসকারী হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল তখন তিনি ভারতে পালিয়ে যান। এখন ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র, চক্রান্ত করে কোনো লাভ হবে না জানিয়ে দুলু বলেন, শেখ হাসিনার স্থান বাংলাদেশে হবে না।
ভারতকে বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে বন্ধুত্বের স্বার্থে খুনি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহবান জানান জাতীয় সংসদের হুইপ।
হুইপ দুলু বলেন, শেখ হাসিনা দেশকে ফুটো করে দিয়ে গেছেন। তারেক রহমান সেই দেশকে পুনর্গঠন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে কেউ প্রতিবন্ধকতা তৈরি চেষ্টা করলে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ারও আহ্বান জানান দুলু।
জাতীয় সংসদের হুইপ অভিযোগ করে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির মদদপুষ্ট ফ্যাসিস্ট সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। নকল করে, না লিখে পাশ, অটো পাসের মাধ্যমে মেধা শূন্য জাতিতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন আর সেগুলো হবে না। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মন দেওয়ার আহ্বান জানান দুলু।
এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান শাহীন, অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।