হঠাৎ করেই গ্রামের বাড়িতে হাজির বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তি অভিনেত্রী—সুচন্দা, ববিতা ও চম্পা। সঙ্গে ছিলেন তাঁদের ভাই অবসরপ্রাপ্ত পাইলট ইকবাল ইসলাম এবং পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের স্মৃতি আর শিকড়ের টানে সাত গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে যশোরে ছুটে যান তাঁরা।
গত ২০ জুন শুরু হওয়া এই সফরে দাদা ও নানার বাড়িতে সময় কাটান তিন বোন। ২২ জুন গভীর রাতে ঢাকায় ফেরেন তাঁরা। তবে এই ভ্রমণ শুধু বেড়ানো ছিল না, বরং নতুন প্রজন্মকে নিজেদের পারিবারিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক বিশেষ আয়োজন।
সুচন্দা জানান, ছোটবেলা থেকে সন্তানরা পূর্বপুরুষদের বাড়ির নানা গল্প শুনে এসেছে। এবার সেই জায়গাগুলো নিজেদের চোখে দেখার সুযোগ হয়েছে। তাঁর মেয়ে লিসা মালিকের কাছেও এই সফর ছিল আবেগঘন এক অভিজ্ঞতা। মায়ের মুখে শোনা শৈশবের গল্পগুলো যেন বাস্তবে ফিরে এসেছে বলে জানান তিনি।
যশোরে গিয়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও ঘুরে দেখেন সুচন্দা। পুরোনো স্মৃতিবিজড়িত স্থানগুলোতে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
তিন বোনের গ্রামের বাড়িতে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন তাঁদের একনজর দেখতে ভিড় করেন। কেউ শুভেচ্ছা জানান, কেউ ছবি তোলেন, আবার কেউ ভালোবাসা প্রকাশ করেন কাছ থেকে। মানুষের এই আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন তাঁরা।
ববিতা ও চম্পার কাছেও এবারের সফর ছিল বিশেষ অনুভূতির। তাঁদের মতে, পরিবারের নতুন প্রজন্মকে নিয়ে শিকড়ের কাছে ফিরে যাওয়া, পুরোনো স্মৃতি ভাগাভাগি করা এবং সবাইকে একসঙ্গে পাওয়ার আনন্দ সত্যিই অন্য রকম।
এসএন/পিডিকে