শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করব : দুলু

জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের সব নেতা-কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অপশক্তিই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শত প্রতিকূলতার পরেও বিএনপিকে কেউ দমাতে পারেনি, বরং বিএনপি দিন দিন আরও জনপ্রিয় হয়েছে।

দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি ততবারই জয়লাভ করেছে উল্লেখ করে হুইপ আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়। তিনি আমৃত্যু এই দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে চান বলে মন্তব্য করেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের নিন্দা করে বলেন, হাসিনার শাসনামলে যারা গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার শিকার হয়েছে; তারাই একদিন তার এসব অপরাধের বিচার নিশ্চিত করবে এবং খুনী হাসিনার অপরাধের বিচার এই দেশের মাটিতেই হবে।

শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে যে সংগ্রাম করে যাচ্ছে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; সেই যাত্রায় দলের সব নেতা-কর্মীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন সরকার দলীয় হুইপ।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারী। অনুষ্ঠানে দলের বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *