শহীদ-কৃতি-রাশমিকার ‘ককটেল ২’-এর পঞ্চম দিনের মোট সংগ্রহ কত?

বলিউড অভিনেতা শহীদ কাপুর অভিনীত ‘ককটেল ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনমোটিতে শহীদের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। দর্শকদের ইতিবাচক সাড়া এবং মুখে মুখে প্রচারের জেরে সিনেমাটির আয় প্রতিদিনই বেড়ে চলেছে।

উদ্বোধনী সপ্তাহ শেষ হলেও ‘ককটেল ২’-এর বক্স অফিস পারফরম্যান্সে ভাটা পড়েনি। একাধিক বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা থাকা সত্ত্বেও সিনেমাটি বাণিজ্যিকভাবে সাফল্যের মুখ দেখছে। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৩.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।

বক্স অফিস ট্র্যাকার  স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার সিনেমাটি আরও ৬.৬৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে ‘ককটেল ২’-এর মোট নেট সংগ্রহ পৌঁছে গিয়েছে ৬০.৯০ কোটিতে।

প্রসঙ্গত, ২০১২ সালে পরিচালক হোমি আদাজানিয়ার নির্দেশনায় মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত তুমুল জনপ্রিয় রোমান্টিক কমেডি সিনেমা ‘ককটেল’। আর এই সিনেমার সিকুয়েল হিসেবেই তৈরি হয়েছে ‘ককটেল ২’। বর্তমানে এই সিনেমার ধারাবাহিক সাফল্য দেখে মনে করা হচ্ছে, সিনেমাটি খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবের দিকেও এগিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *